২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ সড়কে প্রাণ গেল ২ জনের

সিরাজগঞ্জ সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2022, 02:00 PM

Updated : 14 Jul 2022, 05:59 PM

শুক্রবার সকালে উপজেলার শাহানগাছা ও মহিষামুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই শরীফুল ইসলাম জানান।

মৃতরা হলেন- সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাঈম ইসলাম ও নওদা ফুলকোচা গ্রামের গোপালের ছেলে মদন।

আহতদের বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এসআই শরীফুল বলেন, সকাল ৮টার দিকে ব্যাটারি চালিত ভ্যানে করে নাঈম ও শাহাদত বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। পথে মহিষামুড়া বাজার সংলগ্ন সেতুর উপর অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়।

“এতে নাঈম ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।”

এ ঘটনায় শাহদাত হোসেন নামের একজনকে

আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয়রা হাসপাতালে পাঠায় বলে জানান এসআই।

এছাড়া সকাল ১০টার দিকে ইজিবাইক দুর্ঘটনায় মদনের মৃত্যু হয় বলে জানান শরীফুল।

তিনি বলেন, “শাহানগাছা সেতুর উপর একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৫ যাত্রী আহত হন।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মদনের মৃত্যু হয়।”