কুমিল্লায় ধর্ষণচেষ্টা মামলায় ইউপি সদস্য কারাগারে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এতিমখানার রাঁধুনীকে ধর্ষণচেষ্টার মামলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ইউনুস মিয়া (৫০) উপজেলার মালাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। ইউনিয়নের অলুয়া গ্রামের আবদু মিয়ার ছেলে তিনি।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান।
এর আগে তার বিরুদ্ধে থানায় মামলা করেন এলাকার একটি মাদ্রাসা ও এতিমখানার একজন রাঁধুনী।
তার অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রান্নার কাজ শেষে বাড়ি ফেরার পথে ইউনুস তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তবে চিৎকার শুনে লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করেন এবং ইউনুসকে আটক করে পুলিশে দেন।
ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনার পর রাতেই থানায় ইউনুস মিয়ার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন ওই নারী। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানান ওসি অপ্পেলা রাজু নাহা।
