২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে মিস্ত্রি সরদার নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে ‘পাওনা টাকা চাওয়াকে’ কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক মিস্ত্রি সরদার নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2022, 07:49 PM

Updated : 29 Apr 2022, 12:04 AM

উপজেলার কুতুপালংয়ে ৫ নম্বর শিবিরের সি-৩ ব্লকে বুধবার দুপুরে তাকে হত্যা করা হয় বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।

নিহত জাহিদুল ইসলাম (২৩) ওই ব্লকের মোহাম্মদ সলিমের ছেলে। শিবিরে রাজমিস্ত্রি শ্রমিকদের সর্দার হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ সুপার স্থানীয়দের বরাতে বলেন, কাজের বকেয়া টাকা চাইতে তিন-চারজন শ্রমিক জাহিদুলের কাছে যান। কথাকাটাকাটির একপর্যায়ে জাহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা।

পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার বলেন, জাহিদুলের কাছে শিবিরের রোহিঙ্গা শ্রমিক সুলতান ও আনিসুর রহমানসহ কয়েকজনের মজুরি পাওনা ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।