টেকনাফে অস্ত্র ও গুলিসহ ২ রোহিঙ্গা ‘ডাকাত’ আটক
কক্সবাজারের টেকনাফের ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা আটক হয়েছেন, যাদের ডাকাত বলছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে বৃহস্পতিবার ভোরে এই অভিযান চালানো হয় বলে ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।
আটকরা হলেন ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ সাদ্দাম (২২) এবং মৃত মোহাম্মদ হোছনের ছেলে আব্দু সালাম (৬০)।
পুলিশ সুপার বলেন, অস্ত্রসহ লোকজন অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। ওই পালানোর চেষ্টাকালে দুই জনকে আটক করা হয়।
তাদের রোহিঙ্গা ক্যাম্পের ‘সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য’ উল্লেখ করে তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
