২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়কে প্রাণ গেল বাইক আরোহী দম্পতির

বাগেরহাটের রামপাল উপজেলায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 10:40 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

তারা হলেন জেলার মোংলা উপজেলার বুড়িরডাঙা গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৫৫) ও তার স্ত্রী রেহানা আক্তার মুন্নি (৪৮)।

রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় খুলনা-মোংলা সড়কে শনিবার সন্ধ্যারাতে তারা দুর্ঘটনায় পড়েন বলে কাটাখালী হাইওয়ে থানার এসআই মো. হাসানুর রহমান জানান।

এসআই প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, মোংলা থেকে খুলনা যাচ্ছিল একটি পিকআপ। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রেহানা ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা জাহাঙ্গীরকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এই দম্পতি মোটরসাইকেলে খুলনা থেকে মোংলার বাড়িতে ফিরছিলেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপসহ চালক চান্দু মিঞাকে (৩৭) আটক করেছে বলে জানিয়েছেন এসআই হাসানুর রহমান। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।