বাগেরহাটে ধর্ষণ মামলায় আইনজীবী গ্রেপ্তার
বাগেরহাটে এক আইনজীবীকে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় শহরের খারদ্বার মল্লিকবাড়ির মোড়ের বাড়ি থেকে ফকির ইফতেখারুল ইসলাম রানাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ইফতেখারুল জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং জেলা তাঁতীলীগের সদস্য সচিব।
এর আগে শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাগেরহাট সদর মডেল থানায় ওই আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন। বিকালে হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতে ওই গৃহবধূ ২২ ধারায় জবানবন্দি দেন।
মামলার বরাতে ওসি বলেন, ২০১৮ সালে ওই গৃহবধূ পারিবারিক আদালতে একটি মামলা করেন। ওই মামলাটি পরিচালনা করতে ফকির ইফতেখারুল ইসলাম রানাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন বাদী। এরপর থেকে বিভিন্ন সময়ে মামলার কাজে গৃহবধূকে ওই আইনজীবীর চেম্বারে প্রায়ই আসা যাওয়া করতে হতো।
এক পর্যায়ে ইফতেখারুল গৃহবধূকে খারাপ প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় ইফতেখারুল মামলাটি চালাতে অনীহা প্রকাশ করেন এবং মামলায় তাকে হারিয়ে দেওয়ারও ভয় দেখান। চলতি বছরের ২৯ জানুয়ারি বিকালে ফোন করে ওই নারীকে ইফতেখারুল বাড়িতে ডেকে নেন এবং স্ত্রী না থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন। এ সময় ইফতেখারুল গোপন ক্যামেরায় ধর্ষণের ভিডিও ধারণ করেন।
কিছুক্ষণ পরে ইফতেখারুলের স্ত্রী বাড়িতে ফিরে ওই গৃহবধূকে রানার কাছ থেকে উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ওসি আরও বলেন, গোপন ক্যামেরায় ধারন করা ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আইনজীবী বিভিন্ন সময়ে আরও কয়েকবার ধর্ষণ করেন। সম্প্রতি ওই নারী বিষয়টি তার স্বামীকে জানালে তিনি তাকে মামলা করার পরামর্শ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) পাবলিক প্রসিকিউটর) মোহাম্মদ আলী বলেন, “ফকির ইফতেখারুল ইসলাম রানা রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। শুনেছি তার বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। এই নিয়ে আপাতত কোন কথা বলব না।”
এদিকে ইফতেখারুলের বিষয়ে জানতে চাইলে বাগেরহাট জেলা তাঁতীলীগের কোন নেতা কথা বলতে রাজি হননি।
