ফরিদপুরে চালককে হত্যা করে অটোরিকশা ‘ছিনতাই’
ফরিদপুরের সদর উপজেলায় এক কিশোর অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মাচ্চর ইউনিয়নের উত্তর দয়ারামপুর একটি মাঠ থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান।
মৃত সাব্বির বিশ্বাস (১৫) চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের ঘোড়া গাড়ির চালক আলমগীর বিশ্বাসের ছেলে এবং অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
সাব্বিরের চাচা জাহাঙ্গীর বিশ্বাস বলেন, সাব্বির পড়াশোনার খরচ জোগাতে অটোরিকশা চালাত। শুক্রবার সকালে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। এরপর রাতে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। সকালে একটি ক্ষেতের মধ্যে সাব্বিরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। কে বা কারা তার অটোরিকশাটিও নিয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, সাব্বিরকে হত্যার পর দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
