মানিকগঞ্জে ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অনুমোদনহীন একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
কেবিএম ব্রিকস নামে ভাটাটি বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হয় বলে সাটুরিয়ার ইউএনও শারমিন আরা জানান।
ইউএনও বলেন, “বায়ুদূষণের মাত্রা ভয়াবহ হওয়ায় ১৫ দিনের মধ্যে ঢাকা ও তার আশপাশের সব অবৈধ ইটভাটা ধ্বংস করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সে কারণে এই অভিযান চালানো হয়।
“কেবিএম ব্রিকস নামের এই ভাটার অনুমোদন নেই। মালিকপক্ষের কাছে কাগজপত্র চাইলে তারা কিছু দেখাতে পারেনি। এর আগেও তাদের জরিমানা করা হয়। অবশেষে গুঁড়িয়ে দেওয়া হল।”
এ উপজেলায় আর কোনো অবৈধ ইটভাটা নেই বলে তিনি জানান।
ভাটার ব্যবস্থাপক মো. বিনোদ আলী বলেন, “ভাটার জন্য মালিকপক্ষ অনেক আগেই আবেদন করেছে। তবে অনুমোদন এখন পর্যন্ত হাতে পাইনি।”
অভিযান পরিচালনায় সাটুরিয়া থানার পুলিশ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসকর্মী ও আনসার সদস্যরা অংশ নেন।
