২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

স্কুল থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে; গ্রামবাসী আটক করে পুলিশে দিয়েছে ট্রাক্টরসহ চালককে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 07:56 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

নিহত শেখ নাইম (১৩) সদর উপজেলার এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গেরদা ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামের সেকেন শেখের ছেলে সে।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গেরদা গ্রামে তার মৃত্যু হয় বলে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল জানান।

স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, দুপুরে ক্লাস শেষে নাইম বাইসাইকেলে বাড়ি ফিরছিল। পথে বিপরীতদিক থেকে আসা মাটি টানার ট্রাক্টরটি তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পর স্থানীয় জনতা চালকসহ ট্রাক্টরটি আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন ঢালী ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যান।

ওসি জলিল বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ট্রাক্টরসহ চালককে থানায় নেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।