গাজীপুরে নৌকাডুবির ২৭ ঘণ্টা পর নারীর লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় নৌকাডুবির ২৭ ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার বিকালে তারাগঞ্জ বাজার সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কাপাসিয়া থানার ওসি এএসএম নাসিম জানান।
নিহত আকলিমা আক্তার (৫৫) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাড়ইগাঁও গ্রামের আয়েশ আলীর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
ওসি জানান, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসা বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা অন্য যাত্রীদের উদ্ধার করতে পারলেও আকলিমা নিখোঁজ ছিলেন। পরে কাপাসিয়া ফায়ার স্টেশন ও টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল মঙ্গলবার দুপুর থেকেই নিখোঁজের উদ্ধার অভিযান শুরু করে।
