কিশোরগঞ্জে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন রাষ্ট্রপতির
কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সদর উপজেলা পরিষদ সংলগ্ন মহিনন্দ এলাকায় বুধবার বিকালে তিনি ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। পরে রাষ্ট্রপতি একটি অর্জুন গাছের চারা রোপন করেন।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের পর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, প্রায় পাঁচ একর জায়গায় ৯৫ কোটি টাকা ব্যয়ে সাততলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটির নির্মাণ কাজ ২০২৩ সালের মধ্যে শেষ হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে প্রতি বছর অন্তত দুই হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
তরুণ-তরুণীদের শুধু সনদমুখী না হয়ে দক্ষতামুখী হওয়ার আহ্বান জানিয়ে পলক বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সবাইকে চাকরির পিছে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জ এসেছেন।
