হবিগঞ্জে ‘ভাতিজার‘ লাঠির আঘাতে চাচার মৃত্যু
হবিগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে লাঠির আঘাতে ষাটোর্ধ্ব বয়সী চাচাকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
সদর উপজেলার বগলাখাল গ্রামে বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. মাসুক আলী জানান।
নিহত তুরাব আলী (৬৫) ওই গ্রামের মৃত জমির আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, তুরাব আলী ও তার ভাতিজা নূর আলীর মধ্যে পারিবারিক বিরোধ ছিল। সকালে বাড়ির উঠান ঝাড়ু দিয়ে তুরাব আলী ঝড়া পাতাগুলো নূর আলীর সীমানায় জড়ো করেন। তখন এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে ভাতিজা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তুরাব আলীর মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তুরাব আলীকে মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি বলেন, নূর আলী ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
