খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর হামলার প্রতিবাদে খুলনায় চলা ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
শনিবার পর্যন্ত কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে নেওয়া হয়েছে বলে জানান খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী।
মঙ্গলবার রাতে তিনি বলেন, “বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে- এমন আশ্বাসে আমরা কর্মবিরতি স্থগিত করেছি।“
কর্মবিরতি স্থগিতের ফলে শ্রমিকরা বুধবার থেকে আবারও নগরের খালিশপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় সরবরাহ করবেন বলে তিনি জানান।
“বৃহস্পতিবারের পর আরও দুদিন অর্থাৎ আগামী শনিবারের মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে রোববার থেকে আবার কর্মবিরতিতে যাব আমরা,” যোগ করেন তিনি।
খালিশপুর থানার ওসি কামাল হোসেন বলেন, সোমবার ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনকে কুপিয়ে আহত করে একদল দুর্বৃত্ত। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় তার ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে সোমবার রাতে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে খালিশপুর থানায় মামলা করেন।
আসামিদের গ্রেপ্তারের দাবিতে শ্রমিকরা মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।
পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে জানান, ওসি কামাল।
