প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: প্রতিমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় মঙ্গলবার দুপুরে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) মানিকগঞ্জ সেন্টারের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় এদেশের প্রতিবন্ধী মানুষদেরকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের মধ্য দিয়ে গড়ে তুলতে হবে। এজন্য সরকারের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি, এনজিও এবং বিদেশি সংস্থাকে এগিয়ে আসতে হবে।
আশরাফ আলী বলেন, ”প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের ওপর অর্পিত সামাজিক বাধা, কুসংস্কার ও নেতিবাচক ধ্যানধারণা দূরীকরণে আমরা সদা সচেষ্ট। এখন থেকে একটি নির্মল পরিবেশ তৈরি, অন্তর্ভুক্তিমূলক সমাজ বির্নিমাণ করতে হবে।”
এ সময় সিআরপির ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
”দাতব্য সংস্থা হিসেবে সিআরপি দেশবাসীর কাছে অধিক পরিচিত। তারা সমাজের পক্ষাঘাতগ্রস্ত মানুষের সেবা করতে সরকারের সঙ্গে লক্ষ্য অর্জনে কাজ করছে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, এখন সারাদেশে ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতাসহ সব প্রকার ভাতা প্রদান করা হচ্ছে। এদেরকে এখন আর বোঝা ভাবার সুযোগ নেই।
অনুষ্ঠানে সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, মানিকগঞ্জের পৌর মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভ্যালরি এ. টেইলর বক্তব্য দেন।
পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সিআরপি মানিকগঞ্জ সেন্টারের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও সেন্টারটি পরিদর্শন করেন। এরপর একটি সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
