‘৬ হাঁস খেয়ে’ ধরা পড়ল কুমির
বাগেরহাটের রামপাল উপজেলায় পুকুরে একটি লবণপানির কুমির ধরা পড়েছে; যার বিরুদ্ধে ছয়িটি হাঁস খেয়ে ফেলার অভিযোগ তুলেছে এলাকাবাসী।
উপজেলার শ্রীরম্ভা গ্রামে ইসরাফিল গাজী নামে এক ব্যক্তির পুকুরে মঙ্গলবার জাল ফেলে কুমিরটি ধরা হয়। পরে বনকর্মীরা তাকে উদ্ধার করে মোংলায় পশুর নদে অবমুক্ত করেন।
সুন্দরবন পূর্ববিভাগের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, কুমিরটি প্রায় ১০ ফুট লম্বা। তার বয়স আনুমানিক ১২ বছর।
“তারা পুকুরে জাল ফেললে কুমিরটি ধরা পড়ে। খবর পেয়ে আমি সেখানে গিয়ে তাকে উদ্ধার করি। হাঁসগুলো পুকুরে খাবার খেতে গিয়ে ওই কুমিরই খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।”
আজাদ আরও বলেন, ইসরাফিল গাজীর পুকুরের সঙ্গে একটি খালের সংযোগ রয়েছে। ওই খাল মিশেছে পশুর নদে। পশুর নদ থেকে জোয়ারের পানির সঙ্গে কুমিরটি ভেসে পুকুরে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। লবণপানির এই কুমিরটি পশুর নদে অবমুক্ত করা হয়েছে।
