দুই দিন ক্লাসের পরই ফি নিয়ে 'প্রস্তুতিমূলক' পরীক্ষা
কোভিড মহামারীর দীর্ঘ বিরতির পর পুরোদমে ক্লাস শুরু হতে না হতেই 'প্রস্তুতিমূলক' পরীক্ষার চাপে পড়েছে ফরিদপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফি বাবদ সাড়ে ৩০০ টাকা কর্তৃপক্ষ আদায় করেছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন।
তারা বলেন, ‘বিরূপ পরিস্থিতি’ কাটিয়ে আসা শিক্ষার্থীদের সেভাবে তৈরি হওয়ার সুযোগ না দিয়েই প্রতিটি বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। এটি তাদের জন্য ধকল।
তবে স্কুলটির প্রধান শিক্ষক জায়নুল আবেদীন বলেন, "যে পরীক্ষা নেওয়া হচ্ছে তা ‘প্রস্তুতিমূলক’। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পড়াশোনা থেকে বাইরে রয়েছে। কোভিডের সময়ে আমরা শিক্ষার্থীদের সিলেবাস দিয়ে দিয়েছি।
“শিক্ষার্থীদের এভাবে ‘প্রস্তুতিমূলক’ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আমরা অনেক আগেই নিয়েছি। মূলত শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনা ও বইমুখী করার জন্য বিদ্যালয় এ পরীক্ষা নিচ্ছে।"
গত এক সপ্তাহ ধরে ষষ্ঠ থকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সব বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে এই শিক্ষাপ্রতিষ্ঠানে।
শহরের ঝিলটুলী মহল্লায় ১৯২৭ সালে স্থাপিত হয় নারী শিক্ষার এই বিদ্যালয়।
মহামারীর ধাক্কা সামলে ৭২৬ দিন পর স্কুল-কলেজে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু হয় ১৫ মার্চ থেকে। ওইদিন থেকে সব বিষয়ে ক্লাস নেওয়া শুরু করেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
তবে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে স্বাভাবিক নিয়মে প্রতিদিন ক্লাস শুরু হয়েছিল ২ মার্চ থেকেই। ২২ ফেব্রুয়ারি থেকে সীমিত আকারে (সপ্তাহে একদিন ক্লাস) খুললেও মাধ্যমিকের শিক্ষার্থীরা ১৫ মার্চ থেকে পুরোদমে শ্রেণি কার্যক্রমে ফিরেছে।
আর প্রাক-প্রাথমিকের, অর্থাৎ নার্সারি-কেজির মতো ক্লাস শুরু হয়েছে দীর্ঘ দুই বছর পর।
আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, শিক্ষার্থীরা ১৫ ও ১৬ মার্চ মাত্র দুদিন বিদ্যালয়ে ক্লাস করার সুযোগ পেয়েছে। কারণ ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর পরদিন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং শনিবারও পবিত্র শবেবরাতের জন্য বিদ্যালয় বন্ধ ছিল।
এরপর ২০ মার্চ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রত্যেক বিষয়ে পরীক্ষা নেওয়া শুরু হয়।
কিছুদিন ক্লাস করিয়ে তারপর পরীক্ষা নেওয়া হলে ভালো হতো কি-না জানতে চাইলে স্কুলটির প্রধান শিক্ষক জায়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরীক্ষা শুরু আমরা একা নই; ফরিদপুর শহরের আরও কয়েকটি- সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর পুলিশ লাইনস, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ও পরীক্ষা নিচ্ছে।"
কয়েকজন অভিভাবক এই উদ্যোগের বিরোধিতা করে বিষয়টি জটিল করে তুলছে বলেও ক্ষোভ প্রকাশ করেন প্রতিষ্ঠানপ্রধান।
তবে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর পুলিশ লাইনস, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে পরীক্ষা নেওয়ার সত্যতা পাওয়া যায়নি।
ওই তিন বিদ্যালয়ের শিক্ষকরাই জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানে শুধু এসএসসি পরীক্ষার্থীদের ‘প্রস্তুতিমূলক’ পরীক্ষা নেওয়া হচ্ছে।
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীরা বিনা ফিতেই সেই পরীক্ষায় বসেছেন।
তিনটি বিদ্যালয়ের শিক্ষক জানান, পুরোদমে ক্লাস চললে ১৫ রোজার পর সম্ভব হলে সব ক্লাসের জন্য ‘প্রস্তুতিমূলক’ একটি পরীক্ষা নেওয়া হবে। আর সম্ভব না হলে ঈদুল ফিতরের পরই নেওয়া হবে।
আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সব শ্রেণির পরীক্ষার বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল বলেন, স্কুল খোলার সঙ্গে সঙ্গেই ঠিক কী কারণে কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে তা তিনি জানেন না।
স্কুল থেকেও তাকে কিছু জানানো হয়নি এবং এখন পর্যন্ত কোনো অভিভাবকের কাছ থেকেও অভিযোগ পাননি বলে জানান শিক্ষা কর্মকর্তা।
তিনি বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।
