২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চাঁদা দাবির অভিযোগে ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ফরিদপুরে মারধর ও চাঁদা দাবির অভিযোগে এক ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে; তাছাড়া ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 10:06 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

রোববার ফরিদপুরের ৬ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুরাদ মোল্লা। ইউনিয়নের ঠেনঠেনিয়া গ্রামের মো. তকি মোল্লার ছেলে তিনি।

মামলার আসামিরা হলেন সালথা থানার ওসি মো. আশিকুজ্জামান ও এসআই মো. হান্নান।

 মামলার বাদীর আইনজীবী ইব্রাহিম হোসেন বলেন, মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছে আদালত। এছাড়া আদালত ডিআইজিকে (ঢাকা রেঞ্জ) এবং ফরিদপুরের পুলিশ সুপারকে তদন্ত করে দেখার আদেশ দিয়েছে। মামলার পরবর্তী তারিখ আগামী ১৮ এপ্রিল।

মামলার এজহারে বলা হয়েছে, গত বছর ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সালথা ওসি আশিকুজ্জামান তার কাছে টাকা দাবি করেন।  টাকা না দিলে তাকে নির্বাচন করতে দেবেন না বলে ভয় দেখানো হয়। মুরাদ তখন ওসিকে  ৭৫ হাজার টাকা দেন। পরে ওসি তার কাছে বিভিন্ন সময় আরও এক লাখ টাকা  দাবি করেন। মুরাদ আর টাকা না দেওয়ায় তাকে তিনটি মিথ্যা মামলায় আসামি করা হয়।

তাছাড়া মুরাদের ভাই জিহাদকে মামলা ছাড়াই ধরে থানায় নিয়ে মারধর করার অভিযোগ করা হয় মামলায়।

অভিযোগে বলা হয়, জিহাদকে ছাড়ার জন্য ওসি ২৫ হাজার টাকা দাবি করেন। মুরাদের সামনে তার ভাই জিহাদকে থানায় হাতকড়া পরিয়ে  লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়।

তবে ওসি আশিকুজ্জামান অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “কাউকে হয়রানি বা মারধর করা হয়নি। কারও কাছে ঘুষ চাইনি। মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ এ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

তিনি বলেন, “জেলা  পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। দোষী প্রমাণিত হলে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

আদালতের নির্দেশ হাতে পেলে পিবিআই তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন ফরিদপুর পিবিআই পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।