২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি নাছিমুলের বাবা-চাচাকে রাজাকার বললেন আওয়ামী লীগ নেতা

কুমিল্লায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের সামনে তার বাবা ও চাচাকে ‘রাজাকার’ বলেছেন আরেক আওয়ামী লীগ নেতা, যার ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 12:59 AM

Updated : 28 Apr 2022, 11:57 PM

বরুড়া উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এন এম মইনুল ইসলাম, যিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

তবে সংসদ সদস্য নাছিমুল দাবি করেন, তাকে ‘রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার’ চালানো হচ্ছে।

নাছিমুল ছিলেন ওই অনুষ্ঠানের প্রধান অতিথি। কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনি।

অনুষ্ঠানের পর মইনুল ইসলামের বক্তব্য দেওয়া ২ মিনিট ৫১ সেকেন্ডের এক ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

মইনুল বলেন, “বরুড়ার মাটিতে যার নেতৃত্বে রাজাকার-আলবদর-আলশামস বাহিনী গঠন করা হয়েছিল, তিনি হলেন আদ্রা ইউনিয়নের বিতর্কিত কুট্টু মিয়া। কুট্টু মিয়ার ভাই সিএসপি অফিসার শামসুল আলম মিয়া, যার নাগরিকত্ব দেশবিরোধী অবস্থানের কারণে ১৯৭২ সালে বঙ্গবন্ধু বাতিল করেন।

“অথচ যাকে আজ প্রধান অতিথি করা হয়েছে, তিনি আর কেউ নন, সেই কুট্টু মিয়ার ছেলে শামসুল আলম মিয়ার ভাতিজা নাছিমুল আলম চৌধুরী। যে স্বাধীনতাবিরোধীরা মা-বোনের ইজ্জত লুটেছে, ভাইদের পাখির মতো গুলি করে মেরেছে, শহীদদের রক্তে রঞ্জিত যাদের হাত, সেই রাজাকার পুত্রের হাতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হলে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এটা কিভাবে মেনে নেব?”

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য নাছিমুল বলেন, “আমার আপন কোনো চাচা নেই। একাত্তরে সিএসপি অফিসার ছিলেন আমার বাড়ির সামছুল আলম মিয়া। তাকে আমার সাথে চাচা-ভাতিজা সম্পর্ক উল্লেখ করে অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের পর আমি এর ব্যাখ্যা দিয়েছি, কিন্তু ওই অংশটি ফেইসবুকে ভাইরাল হয়নি। তিনি রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।”

বরুড়ার ভারপ্রাপ্ত ইউএনও মীর রাশেদুজ্জামান, বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন অনুষ্ঠানে ছিলেন।