হবিগঞ্জে ‘পাওনা টাকা চাওয়ায়’ খুন
হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ইকরাম শতমূখা গ্রামে এ ঘটনাটি ঘটে বলে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান।
প্রতীকী ছবি
ওসি বলেন, “শতমুখা গ্রামের খেলু মিয়ার ছেলে আলমগীর মিয়ার কাছে চার হাজার টাকা পাওনা ছিল রহমত আলীর ছেলে জুয়েল মিয়ার। টাকা চাইতে গেলে বৃহস্পতিবার জুয়েলকে মারধর করে আলমগীর। পরদিন জুয়েল ও তার লোকজন আলমগীরকে মারপিট করে। শুক্রবার বিষয়টি নিয়ে শালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি।
“শনিবার সকালে জুয়েলের বাবা রহমতকে রাস্তায় একা পেয়ে পিটিয়ে আহত করে আলমগীর ও তার লোকজন। এক পর্যায়ে তারা রহমতের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এমরান।
