২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘ইয়াবাসহ’ ফুটবল প্রশিক্ষক আটক

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে ইয়াবা রাখার অভিযোগে ফুটবল প্রশিক্ষকসহ দুইজনকে আটক করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 10:03 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক মো. নুরুল আলম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল গ্রিন প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক একজন হলেন কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বর্তমানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক হিসেবে দায়িত্বরত খালেদ মোশারফ। সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চান্দের পাড়ার মো. মোবাশ্বেরের ছেলে তিনি।

আটক অন্যজন হলেন কক্সবাজার শহরের কলাতলী সৈকতপাড়ার নজির আহমদের ছেলে মোহাম্মদ হোসাইন (৩২)।

মাদক কর্মকর্তা নুরুল আলম বলেন, মাদকের চালান লেনদেনের গোপন খবর পেয়ে তাদের একটি দল সেখানে অভিযান চালায়।

“হোটেলটি ঘেরাও করলে সন্দেহভাজন দুইজন পালানোর চেষ্টা করেন। তখন এই দুইজনকে আটক করা হয়। তাদের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে।”

পরিদর্শক নুরুল বলেন, “জেলা ক্রীড়াঙ্গনকেন্দ্রিক একটি মাদক কারবারি চক্র সক্রিয় রয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে।”

আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।