টেকনাফে অস্ত্রসহ ‘ডাকাত’ আটক
কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে ‘ডাকাত’ বলছে পুলিশ।
উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল কাচারী এলাকা থেকে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান।
গ্রেপ্তার মোহাম্মদ সেলিম ওরফে সলিম (৪০) ওই ইউনিয়নের উনচিপ্রাং গ্রামের সফর আহমদের ছেলে।
ওসি বলেন, ইউনিয়নের কাচারি এলাকায় আবুল কালামের এক ভাড়াটিয়ার বাসায় অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক পালিয়ে যায়।
"পরে বাসাটি ঘেরাও করে একজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ড্রামের ভিতরে রাখা একটি দেশীয় বন্দুক জব্দ করা হয়।”
সেলিম একজন ‘চিহ্নিত ডাকাত’ উল্লেখ করে ওসি হাফিজুর বলেন, “তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অপহরণ, হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে এবং সে ডাকাতদলের সদস্য।”
