স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধকে বর্ণিল সাজে প্রস্তুত করা হয়েছে।
শনিবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর পক্ষ থেকে ’গার্ড অব অনার’ দেওয়া হবে।
এরপরই শ্রদ্ধা জানাবেন মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও কুটনীতিকবৃন্দ।
স্মৃতিসৌধে আগত দর্শণার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এলাকাগুলোয় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ সহস্রাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
এদিকে জাতীয় স্মৃতিসৌধের পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় ১৬ মার্চ থেকেই জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২২ মার্চ থেকে মিডিয়াকর্মীসহ অপরিচিতদের প্রবেশ পূর্ণাঙ্গভাবে বন্ধ করা হয়।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সাভার গণপূর্ত বিভাগ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে ধুয়ে মুছে নতুন রূপ দেওয়া হয়েছে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রং ও তুলির আঁচড়। রং বেরংয়ের ফুল ও আলোকসজ্জায় সাজানো হয় পুরো প্রাঙ্গণ।
তাছাড়া নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। অন্যান্য বছরের তুলনায় এবারের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।
এদিকে স্বাধীনতা দিবসে জনসাধারণের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানান ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
তিনি বলেন, নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে ইউনিফর্ম ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা কাজ করবেন।
এছাড়া সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও ট্রাফিক পুলিশ বক্সসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
“এ ছাড়া স্মৃতিসৌধের পার্শ্ববর্তী এলাকার নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি গত তিন দিন ধরে আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। এই অভিযান শনিবার সকাল ৬টা পর্যন্ত চলবে।”
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
