সিরাজগঞ্জে ইউএনওর নম্বর ‘ক্লোন করে চাঁদা দাবি’, থানায় জিডি
সিরাজগঞ্জে ইউএনওর মোবাইল ফোন নম্বর ক্লোন করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবির অভিযোগে থানায় জিডি হয়েছে।
জেলার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন বৃহস্পতিবার রাতে এই ডিজি করেন।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসাধু চক্র অফিসের দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন বা হ্যাক করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে টাকা দাবি করছে।
“বৃহস্পতিবার সকাল থেকে চক্রটি এই কাজ শুরু করলে টের পাওয়ার পর রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। তাছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতারক চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।”
সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন ইউএনও।
