নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় বাস খাদে, নিহত ৩
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় একটি বাস খাদে পড়ে তিন যাত্রী নিহত ও অন্তত ১৯ জন আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে পত্নীতলা-বদলগাছী সড়কের পয়নারী সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের দুজন হলেন বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাসচালক আব্দুর রশিদ (৩৭) ও একই গ্রামের জিতু পাহানের ছেলে শ্রী গিরিজ পাহান (৩৫)। নিহত আরেকজ শিশু; তার নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বদলগাছী উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, পত্নীতলার নজিপুর থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসকে পয়নারী সেতুর কাছে একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা লাগে; পরে সড়কের পাশে খাদে পড়ে যায়।
নিহতদের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি আজম মাহমুদ।
