রাবি হলসমূহে ‘অনিয়ম’ রোধে ৪ দফা দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে তার প্রতিকারে চার দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ‘রাকসু আন্দোলন মঞ্চ’।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবিগুলো তুলে ধরেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে আবাসিক হলগুলোতে রাজনৈতিক ব্লকের নামে দখলদারিত্ব বন্ধ ও নিয়মিত হল সংসদ চালু করা, অনলাইনে প্রতিটি হলের তালিকা হালনাগাদ ও নিয়ম মেনে হল প্রাধ্যক্ষদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা,
আসন বাণিজ্যের সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিল করা এবং বৈধ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের আবাসিকতা প্রদানসহ নিরাপদ পরিবেশে হলে অবস্থানের সু-ব্যবস্থা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রাকসু অন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, “নিয়ম অনুযায়ী হলগুলোতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সিট বরাদ্দ দেওয়ার নিয়ম থাকলেও অধিকাংশ হলেই তা মানা হচ্ছে না। সবগুলো হলেই শত শত সিট ফাঁকা থাকলেও শুধু শহীদ জিয়াউর রহমান হল এবং শহীদ শামসুজ্জোহা হলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সিট বরাদ্দ দেওয়া হয়। তারপরও বরাদ্দকৃত শিক্ষার্থীদের ১০-১৫ শতাংশের বেশি হলে ওঠাতে পারেনি হল প্রশাসন।”
হলের সিটগুলো একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা দখল করে নিয়ে টাকার বিনিময়ে শিক্ষার্থীদের কাছে বিক্রি করেন বলে তিনি অভিযোগ করেন।
“ছাত্রী হলগুলোতেও নিয়ম অনুযায়ী গণবিজ্ঞপ্তির মাধ্যমে সিট বরাদ্দ হচ্ছে না। বিভিন্ন জনের সুপারিশ অনুযায়ী নিয়ম বহির্ভূতভাবে ছাত্রীদের সিটে উঠানো হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, ছেলেদের ১১টি আবাসিক হলে করোনাকালীন শূন্য হওয়া ১৫০০ এর কাছাকাছি সিটের মধ্যে ১১ শতাধিক সিটে একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা টাকার বিনিময়ে উঠিয়েছেন।
এই লেনদেনের পরিমাণ হলভেদে আসন প্রতি ৫,০০০-১০,০০০ টাকা বলে তিনি অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে অন্তর আরও অভিযোগ করেন, এ সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষদের বরাবর অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো প্রতিকার পাচ্ছে না শিক্ষার্থীরা। তাদের এই অভিযোগগুলো স্মারকলিপি আকারে গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা এবং প্রক্টর বরাবর প্রেরণ করা হয়। কিন্তু সেসময় প্রশাসন তিনদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও দৃশ্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এক সপ্তাহের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার হুমকি দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমান উল্লাহ খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান, বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
