‘ঘুমের ওষুধ খাইয়ে’ ২ বোনকে ধর্ষণের মামলার আসামি গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ‘ঘুমের ওষুধ খাইয়ে’ অচেতন অবস্থায় দুই বোনকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকা থেকে আত্মগোপনে থাকা আসামিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান।
গ্রেপ্তার আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল (২৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব অধিনায়ক বলেন, ২০২১ সালের ২২ জুন বাবা-মা বাড়িতে মেয়েকে একা রেখে বেড়াতে যান। তরুণী তার চাচাত বোনকে সঙ্গে নিয়ে রাতে ঘুমাতে যান।
এই সুযোগে জুয়েল সেই বাড়িতে প্রবেশ করে দুই বোনকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ায়। এতে তারা অজ্ঞান হয়ে যায়। পরে তিনি তাদের ধর্ষণ করে পালিয়ে যান।
লেফটেন্যান্ট কর্নেল খাইরুল বলেন, পরদিন দুই তরুণী বিষয়টি পরিবারকে জানায়। তখন পরিবার থানায় অভিযোগ করে। স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ায় এক তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে জুয়েলকে আসামি করে মামলা করেন।
ঘটনার পর থেকেই জুয়েল আত্মগোপনে ছিল। বুধবার সকালে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
