২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় চুরমার অটোরিকশা, নিহত ৪

কক্সবাজারের উখিয়ায় মিনি-ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 12:24 AM

Updated : 25 Oct 2022, 10:19 AM

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে জানিয়েছেন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন।

নিহতদের একজন হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর সনাতন শর্মা। নিহত অন্য তিন জন এবং আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে হেলাল বলেন, দুর্ঘটনা কবলিত মিনি-ট্রাকটি উখিয়া স্টেশন থেকে বালুখালী যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে গাড়িটি কুতুপালং টিভি টাওয়ার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে চার জন নিহত এবং দুইজন আহত হন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক।”

এ ইউপি সদস্য আরও জানান, লাশ ঘটনাস্থলে রয়েছে। আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

উখিয়ার থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, দুর্ঘটনার খবর শুনে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় হতাহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।