কুমিল্লায় ৩ মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
কুমিল্লার বরুড়া উপজেলায় দুইবোনসহ তিন মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, সোমবার রাতে শিশুদের অবিভাবকরা বাদী হয়ে এ ঘটনায় দুটি ধর্ষণের মামলা করেছেন।
মামলায় বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের আলী আকবর (৫৫) নামের এক ব্যক্তিকে একমাত্র আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
শিশুদের স্বজনদের বরাতে ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ওই তিন শিশু একই ইউনিয়নের একটি মাদ্রাসায় পড়ে। ওই মাদ্রাসার মাঠে শিক্ষার্থীরা প্রতিদিন বিকালে খেলাধুলা করে। মাদ্রাসা থেকে আলী আকবরের বাড়ি প্রায় তিনশ গজ দূরে। গত ১৮ মার্চ তিন শিশু মাঠে খেলতে খেলতে আকবরের বাড়ির কাছে চলে যায়। এ সময় আকবর তাদের চকলেট, ঝাল মুড়ি আর দশ টাকা দেওয়ার কথা বলে নিজ বাড়ির গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এর পরের দুইদিনও আকবর একইভাবে ডেকে নিয়ে তিন শিশুকে ধর্ষণ করে।
শিশুরা প্রথমে ভয়ে মুখ না খোলায় আকবর এমন অপকর্মে চালিয়ে গেছে। পরে ২০ মার্চ রাতে ঘটনাটি জানাজানি হলে আকবর এলাকা থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।
ওসি বলেন, শিশু তিনটির বয়স ১০ বছরের কাছাকাছি। তাদের মধ্যে দুই শিশু আপন বোন। স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আকবরকে আটক চেষ্টা করা হচ্ছে।
