রাজশাহীতে ‘ফুটপাত দখলের বিরোধ’, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
রাজশাহী নগরীর নিউমার্কেট গেটে দোকান বসানোর জায়গা দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এ ব্যবসায়ী নিহত হয়েছেন। হামলায় ওই ব্যক্তির ভাই আহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান।
নিহত রিয়াজুল ইসলাম (২৩) নগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠীতলার মধু মিয়ার ছেলে।
বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, নিউমার্কেটের সামনের ফুটপাতে দীর্ঘদিন ধরে স্যান্ডেলের দোকান করে আসছিলেন রিয়াজুল ও তার ভাই রিংকু। সোমবার সন্ধ্যায় স্থানীয় দুই যুবক নিজেদের একটি দলের কর্মী পরিচয় দিয়ে স্যান্ডের দোকান তুলে নিয়ে যেতে বলে রিয়াজুলকে।
এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হলে পুলিশ তাদের সরিয়ে দেয় বলে জানান ওসি।
ওসি আরও বলেন, রাত ৯টার দিকে ওই দুই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রিয়াজুলকে ছুরিকাঘাত করে। এ সময় রিংকু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজুলকে মৃত ঘোষণা করেন।
রিংকুকে হাসপাতালের ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
