শ্রীনগরে ট্রাক চাপায় সাবেক সেনা সদস্য নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।
সোমবার দুপুরে ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও পাকা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে বলে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান।
নিহত মো. মুক্তার হোসেন (৫০) ওই এলাকার দারোগা বাড়ির প্রয়াত আব্দুল রাজ্জাক বেপারীর ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি অবসর গ্রহণ করেন।
ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মাহফুজ রিবেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সার্জেন্ট মুক্তার হোসেন মোটরসাইকেল চালিয়ে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিলেন। কামারগাঁও পাকা ব্রিজে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির ইট বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তার হোসেন মারা যান।
পরে লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই তন্ময় মন্ডল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
