২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তিন-খুন মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুরের অপহরণ, মুক্তিপণ ও তিন-খুন মামলায় তিন জনের আমৃত্যু, সাত জনের যাবজ্জীবন ও পাঁচ জনের ১০ বছর কারাদণ্ড হয়েছে।  

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 05:50 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

সোমবার কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম দশ জন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আমৃত্যু দণ্ডিতরা হলেন দৌলতপুরের শালিমপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ওয়াসিম রেজা (পলাতক), প্রয়াত নুরু বিশ্বাসের ছেলে সোহেল রানা এবং ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাটদাহ গ্রামের আলী জোয়ার্দারের ছেলে মানিক জোয়ার্দার (পলাতক)।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন পিচ্ছি মনির (পলাতক), মোটা জসিম (পলাতক), উল্লাস খন্দকার, তৈমুল ইসলাম বিপুল, ফারুক চেয়ারম্যান, আব্দুল মান্নান মোল্লা (পলাতক) ও বিপুল চৌধুরী।

দশ বছর সাজাপ্রাপ্তরা হলেন মনির, সোহেল, জসিম, উল্লাস ও মানিক।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২৩ অক্টোবর বিকালে দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের কবরস্থান সংলগ্ন হিসনা নদীর পাড়ে আসামি ফারুক চেয়ারম্যানের জমিতে পুঁতে রাখা তিন জনের গলিত লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।

পরে শনাক্ত মতে নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর গ্রামের হাসান আলীর ছেলে মেহেদী হাসান সোহাগ, ঝিনাইদহের ২৯ কাঠা গোলাম মস্তফা সড়কের বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে রাসেল সরকার এবং যশোর শার্শা উপজেলার বাঘআঁচড়া গ্রামের বাসিন্দা সিদ্দিক হোসেনের ছেলে মুকুল হোসেন।

এ ঘটনায় নিহত মুকুল হোসেনের বড় ভাই ইলিয়াস কবির বকুল বাদী হয়ে ২০০৯ সালের ২ ডিসেম্বর দৌলতপুর থানায় অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে গলায় রশি পেচিয়ে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রেখে গুম করার অভিযোগে ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে ২০১১ সালে ৩১ মার্চ এই হত্যা মামলায় জড়িত অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন দৌলতপুর থানা পুলিশ।   

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, অনেক দেরিতে হলেও দৌলতপুর থানার এই তিন-হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু, সাত জনের যাবজ্জীবন এবং পাঁচ জনের দশ বছর করে সশ্রম কারাদণ্ডসহ বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দিয়েছে আদালত।

ধার্যকৃত জরিমানার অর্থ পরিশোধ ব্যর্থ হলে প্রত্যেককে অতিরিক্ত আরও এক বছর করে সাজা ভোগ করতে হবে।