প্রতিবন্ধী নারীর সঙ্গে সম্পর্ক, বিয়ের চাপ দেওয়ায় হত্যা: পুলিশ
নওগাঁর রাণীনগর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী পল্লী চিকিৎসক এক নারীকে হত্যার অভিযোগে তার কথিত প্রেমিককে পুলিশ গ্রেপ্তার করেছে। নিখোঁজ হওয়ার এক মাসের বেশি সময় পর ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন।
নিহত ৩১ বছর বয়সী ওই নারী রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তার কথিত প্রেমিক মাহবুবুল আলম বিস্কিট (৪৫) একই গ্রামের আইনুল হকের ছেলে।
শনিবার ঢাকার আশুলিয়া থেকে এই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসপি জানান, এই বিষয়ে তদন্তের এক পর্যায়ে এই নারীর প্রতিবেশী মাহবুবুল আলম বিস্কিটকে রোববার (১৯ মার্চ) ঢাকার আশুলিয়া থেকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর তার দেওয়া তথ্যানুসারে আশুলিয়া থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
এসপি বলেন, এ বিষয়ে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামি মাহবুবুল আলম বিস্কিট-এর জবানবন্দি গ্রহণের জন্য নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।
