গায়ে হলুদের দিনে মৃত্যু ‘বখাটের’ হামলায় আহত তরুণীর
শরীয়তপুরে তিনদিন আগে ‘বখাটের’ হামলায় আহত এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে, যেদিন তার গায়ে হলুদের দিন ধার্য ছিল।
রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ বছর বয়সী এই তরুণী মারা যান।
বৃহস্পতিবার রাতে মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এক যুবক।
এই ঘটনায় ওইদিনই মো. জাহিদুল ইসলাম (২৪) নামের এক যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। জাহিদুল শরীয়তপুর পৌরসভার কাশাভোগ এলাকার মজিবুর রহমানের ছেলে।
পুলিশ বলেছে, এই ঘটনায় ওই তরুণীর পরিবার একটি হত্যাচেষ্টার মামলা করেছিল। এখন এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।
মামলায় অভিযোগ করা হয়, ওই মেয়েটি শরীয়তপুর শহরের ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রী ছিলেন। ওই মাদ্রাসার সাবেক ছাত্র মো. জাহিদুল ইসলাম তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। তাকে বিয়ে করার জন্য তার পরিবারের কাছে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মেয়ের পরিবার রাজি হয়নি এবং ইতোমধ্যে অন্যত্র বিয়ের উদ্যোগ নেয়।
অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেয়েটির বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন জাহিদুল। মেয়েটির চিৎকারে এলাকার মানুষ তাকে উদ্ধার করে এবং জাহিদুলকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
পালং মডেল থানার ওসি আক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই ঢাকায় পাঠানো হয়। ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে রোববার ভোরে তিনি মারা যান।
ওসি জানান, তরুণীকে কুপিয়ে আহত করার অভিযোগে একটি হত্যাচেষ্টা মামলা করেছিলেন তার ভাই। ওই মামলায় জাহিদুলকে আসামি করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।
রোববার মেয়েটির গায়ে হলুদ ও সোমবার বিয়ে হওয়ার কথা ছিল।
আহাজারি করতে করতে তার মা বলেন, “মেয়েকে বিয়ে দিতে পারলাম না। পাষণ্ডটা কেন আমার মেয়েকে মেরে ফেলল? মেয়েকে নিরাপত্তা দিতে পারলাম না। আল্লাহ ওই সন্ত্রাসীর বিচার করো।”
ওই ছাত্রীর ভাই বলেন, “আমাদের ছোট বোন অনেক আদরের ছিল। বিয়েতে অনেক আয়োজন করার পরিকল্পনা ছিল। আজ বোনের কবরে মাটি দেব। আল্লাহ কেন এমন করলেন?”
