২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলজোড় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে দুইদিন আগে গোসল করতে নেমে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 01:57 PM

Updated : 28 Apr 2022, 11:53 PM

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, রোববার সকালে উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে শুভ চন্দ্রের ভাসমান লাশ উদ্ধার করেন তারা।

শুক্রবার বিকালে দোল উৎসব শেষে বন্ধুদের সঙ্গে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে ১৪ বছর বয়সী শুভ নিখোঁজ হয়। সে চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের ছেলে ও চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

আতাউর বলেন, শুক্রবার বিকালে শুভ নদীতে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল দুদিন নদীতে উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান মেলেনি। সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার ভাটিতে শুভর লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হন্তান্তর করে।