২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবকাঠি রাজাকার ক্যাম্পে আক্রমণ হয় তিন দিক থেকে

মুক্তিযুদ্ধের শুরু থেকেই বাগেরহাটে রাজাকাররা হত্যা, নির্যাতন, তাণ্ডব চালিয়েছে। বাগেরহাট সদর, রামপাল, কচুয়াসহ অনেক এলাকায় তাদের নির্বিচার গণহত্যা, তাণ্ডব, নির্যাতন, লুণ্ঠন চলেছে পুরো নয় মাস জুড়ে।

অলীপ ঘটক

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 09:31 AM

Updated : 25 Oct 2022, 10:19 AM

এপ্রিল মাসে সদরের কোদলা গ্রামের হত্যাযজ্ঞ, মে মাসে রামপালের পেড়িখালী ইউনিয়নের ডাকরা গ্রামের গণহত্যা, কচুয়ার দৈবজ্ঞহাটি বাজারের গণহত্যা ছাড়াও বাগেরহাট শহরের লোকালবোর্ড ঘাট, মোংলার বাজুয়া হড্ডা, চালনা, মহিষপুরা, সাড়ে চারআনি, তেলিগাঁতি, আঠারোগাঁতি, মোরেলগঞ্জ, লক্ষ্মীখালী, কান্দাপাড়া, চিতলমারীর দশমহলের গণহত্যা মুক্তিযুদ্ধে এই অঞ্চলের উল্লেখযোগ্য ঘটনা।

এসব হত্যাযজ্ঞ, তাণ্ডব ও নির্যাতনের শিকার অধিকাংশ ক্ষেত্রে হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।

পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকাররা বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ক্যাম্প করে হিন্দু সম্প্রদায়সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর হামলা চালাত। রাজাকারদের এমন একটি শক্ত ঘাঁটি ছিল মাধবকাঠি মাদ্রাসা ক্যাম্প।

বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শওকত হোসেন মাধবকাঠি ক্যাম্প আক্রমণ করে রাজাকারদের হঠানোর গল্প শুনিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একান্ত সাক্ষাৎকারে তিনি জেলার আরও কয়েকটি স্থানে রাজাকারদের হত্যাজজ্ঞের কথা তুলে ধরেন স্মৃতিচারণের মাধ্যমে।

মুক্তিযুদ্ধ শুরুর সময় তিনি ছিলেন এসএসসি পরীক্ষার্থী। বাড়ি বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের বাকপুরা গ্রামে। ১২ ভাইবোনোর মধ্যে তিনি দ্বিতীয়। তাদের পার্শ্বর্তী গ্রাম কোদলা। এই গ্রামে ছিল সম্ভ্রান্ত হিন্দু সম্প্রদায়ের বসবাস।

এপ্রিলের মাঝামাঝি সময়ে রাজাকার কমান্ডার রজ্জব আলী ফকিরের নেতৃত্বে কোদলা গ্রামে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও গণহত্যা চালানো হয়। এখানে ওইদিন সাতজনকে হত্যা করে রাজাকার বাহিনী।

শেখ শওকত হোসেন বলেন, “এরা কেউ আমার সহপাঠী, আবার কেউ ছিল পরিচিত। ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে রাজাকারদের তাণ্ডব। রাজাকার দল তাণ্ডব চালিয়ে যাওয়ার পর আমি ও আমার কয়েকজন সহপাঠী ওই গ্রামে গিয়ে দেখি এক হৃদয় বিদারক দৃশ্য। চেনামুখগুলোর মৃতদেহগুলো মাটিয়ে লুটিয়ে আছে। সেই দৃশ্য আমাকে বেদনাহত করে। এই ঘটনা আমাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে। যুদ্ধে চলে গেলাম।”

কোদলা গ্রামের তাণ্ডবের কয়েকদিন পর শেখ শওকত হোসেন বাগেরহাটের বিষ্ণুপুর ইউনিয়নের অধীনে উত্তর এলাকার দায়িত্বে থাকা মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলামের নেতৃত্বাধীন দলে যোগ দেন। বিষ্ণুপুর মুক্তিযোদ্ধা ক্যাম্পে তাকে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়।

তাদের ওই ক্যাম্পে অস্ত্রের মধ্যে ছিল থ্রি নট থ্রি রাইফেল, একনলা ও দোনলা বন্দুক। তাই পাকসেনা ও রাজাকারদের প্রতিরোধ করতে অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য তারা আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বেশকিছু অস্ত্র লুট করে শক্ত অবস্থান করে নেন।

শওকত হোসেন বলেন, “মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমার প্রথম অপারেশন পাকিস্তানি ও রাজাকারদের ক্যাম্প। তাদের একটি রাজাকার ক্যাম্প ছিল মাধবকাঠি মাদ্রাসায়। এই ক্যাম্প যদি গুড়িয়ে দেওয়া না যায় তাহলে তারা নিরীহ মুক্তিকামী মানুষকে নির্যাতন ও নির্বিচারে হত্যা করবে। গ্রামের পর গ্রামকে ধ্বংস করবে। তাই এই রাজাকারদের প্রতিরোধ করার পরিকল্পনা করা হয়।

“সেই পরিকল্পনা অনুযায়ী কমান্ডার শেখ রফিকুল ইসলাম আমাদের কয়েকজনকে মাধবকাঠি ক্যাম্পে অপারেশনের নির্দেশনা দেন। ওই অপারেশনে আমরা অংশগ্রহণ করি। আরও ছিলেন স্থানীয় হবিবুর রহমান এবং ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত পার্শ্ববর্তী চিতলমারী উপজেলার মুক্তিযোদ্ধা শামসুল হকের একটি দল। তাদের কাছে ছিল এসএমজি, এসেলার ও এলএমজির মতো অস্ত্র ও বিপুল পরিমাণ গোলা।”

এই তিনটি দল মাধবকাঠির রাজাকার ক্যাম্প দখল করতে তিন দিক থেকে আক্রমণ করে।

“রাত এগারোটায় গুলিবর্ষণ শুরু করি। তাদের আমরা অবরুদ্ধ করে ফেলি। এ সময় তাদের হয় আত্মসমর্পণ করতে হবে অথবা আমাদের হাতে মরতে হবে।”

শওকত হোসেন সেদিনের রাজাকারদের পলায়নের স্মৃতিচারণ করেন, এক পর্যায়ে রাজাকার বাহিনী পাকিস্তানি হেডকোর্য়াটারে গোপনে যোগাযোগ করে। পরদিন পাকিস্তানি সেনাদের বড় একটি দল সেখানে বিপুল পরমাণ গোলাবারুদসহ গানবোটে এসে ওই রাজাকারদের সুকৌশলে উদ্ধার করে নিয়ে যায়।

গোলাবারুদ কম থাকায় মুক্তিযোদ্ধারা আর ওদের সঙ্গে লড়াই করতে যায়নি। হানাদার বাহিনীও রাজাকারদের নিয়ে বলেশ্বর নদ দিয়ে গানবোটযোগে পিরোজপুরের দিকে চলে যায়।

“ওই যুদ্ধে আমরা পুরোপুরি সফল না হলেও রাজাকারদের মাধবকাঠি থেকে বিতাড়িত করি। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এটাই ছিল আমার জীবনের সরাসরি প্রথম যুদ্ধ।”

শওকত হোসেন বলেন, বাগেরহাট স্বাধীনতা বিরোধীরা সুসংগঠিত ছিল; তাই ১৬ ডিসেম্বর বাগেরহাটকে স্বাধীন করা যায়নি। বাগেরহাটের রাজাকারদের আত্মসমর্পণে বাধ্য করা হয় ১৭ ডিসেম্বর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের বাংলা  বিভাগের অধ্যাপক বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারি গ্রামের সন্তান স্বরোচিষ সরকারের মুক্তিযুদ্ধের উপর তথ্যসমৃদ্ধ একটি বই ‘একাত্তরে বাগেরহাট’। এই বই থেকেও কয়েকটি গণহত্যার কথা জানা যায়।

জেলার সবচেয়ে বড় গণহত্যা হয় ডাকরা গ্রামে

বাগেরহাটের রজ্জব আলী ফকিরের রাজাকার বাহিনী সবচেয়ে বড় গণহত্যার ঘটনাটি ঘটায় রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা গ্রামে। এই গ্রামের কালিবাড়ি ছিল তখন ওই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মিলন কেন্দ্র। বাদল চন্দ্র চক্রবর্তী ছিলেন ওই কালিবাড়ি প্রধান পূজারী বা সেবাইত। সাধক ও ধর্মগুরু হিসেবে তিনি ছিলেন সবার শ্রদ্ধার পাত্র। তাকে সবাই নোয়াকর্তা হিসেবে সম্বোধন করতেন। নোয়াকর্তার ভক্তরা সিদ্ধান্ত নেন ২২ মে সবাই একসঙ্গে দলবেঁধে তার কালিবাড়ি থেকে নদীপথে নৌকাযোগে ভারতে পাড়ি জামাবেন।

সেই সিদ্ধান্ত অনুযায়ী বাগেরহাট সদর ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক নৌকা নিয়ে দুই হাজারের অধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে অবস্থান নেয়।

স্থানীয় রাজাকাররা বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি টের পেয়ে বাগেরহাটের রাজাকার কমান্ডার রজ্জব আলী ফকিরকে চিঠি দিয়ে তা জানিয়ে দেয়। ১৯৭১ সালের ২১ মে রজ্জব আলী ফকিরের নেতৃত্বে ১৫/২০ জনের সশস্ত্র রাজাকার নৌকায় অবস্থান করা পুরুষদের নির্বিচারে গুলি করে আর ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। সেদিন দুই শতাধিক সাধারণ মানুষকে হত্যা করে রাজাকার বাহিনী।

শাঁখারিকাঠি গণহত্যা

বাগেরহাট সদর ও কচুয়ার রাজাকার বাহিনী যৌথভাবে কচুয়ার শাঁখারিকাঠি গ্রামের প্রান্তে অবস্থিত হাট দৈবজ্ঞহাটি বাজারটি তিনদিক দিয়ে ঘিরে ৮২ জনকে ধরে ফেলে। পরে তাদের বেঁধে আলোকদিয়া খালের পাড়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এরা সবাই ছিল হিন্দু সম্প্রদায়ের লোক। এদের মধ্যে ৫১ জনের নাম পরিচয়  পাওয়া যায়।

এই বইয়ে বাগেরহাট শহরের লোকালবোর্ড ঘাট, মোংলার বাজুয়া হড্ডা, চালনা, মহিষপুরা, সাড়ে চারআনি, তেলিগাঁতি, আঠারোগাঁতি, মোরেলগঞ্জ, লক্ষ্মীখালী, কান্দাপাড়া, চিতলমারীর দশমহলের গণহত্যার ঘটনারও উল্লেখ রয়েছে।