পিওন নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ একরামুলের
নোয়াখালীর বিভিন্ন স্কুলে পিওন নিয়োগে প্রত্যেকের কাছ থেকে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষকদের এক মতবিনিময় সভায় শনিবার দুপুরে তিনি এই অভিযোগ করেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালী সদর উপজেলা শাখা এই সভা আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আইনজীবী শিহাব উদ্দিন শাহিনকে ইঙ্গিত করে বলেন একরামুল বলেন, “প্রত্যেকটা স্কুলের পিওন নিয়োগে তিন লাখ, চার লাখ, পাঁচ লাখ টাকা করে ঘুষ খেয়ে খেয়ে চাকরি দেওয়া হয়েছে।
“একটা গরিব লোক তিন লাখ টাকার বিনিময়ে যদি চাকরি নেয়, তখন ওই পিওনের ওই টাকা দিয়ে চলে না। সে তখন ধানাইপানাই করে। স্কুলে ঠিকমতো পিওনগিরি করে না, শিক্ষকদের কথাও শোনে না।”
একরামুল নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।
তিনি বলেন, “আপনারা জানেন নোয়াখালী আওয়ামী লীগকে ধ্বংসের পথে ফেলানোর জন্য চেষ্টা করা হয়েছে। কী কারণে করা হয়েছে তা জানি না। কিন্তু এইটুকু বুঝি, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নোয়াখালীতে লুটেপুটে সব খেয়ে ফেলছে।”
তার এই অভিযোগ সম্পর্কে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন বলেন, “আমার হাতে কোনো নিয়োগ হয়নি। বরং এসব নিয়োগ বোর্ডে সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন।
“যদি ঘুষ নেওয়া হয় তাহলে তার (একরামুল) লোকজন নিয়েছেন।”
শিহাব উদ্দিন শাহিন সাংবাদিকদের অনুসন্ধানের আহ্বান জানিয়ে বলেন, “স্কুলগুলোতে আপনারা অনুসন্ধান করে দেখেন আমি কারও নিয়োগ বা বদলিতে কোনো টাকা নিয়েছি কিনা। উনি (একরামুল) নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করছেন। এই জেলায় কে নিয়োগ বাণিজ্য করেছে, টেন্ডার বাণিজ্য করেছে, কাকে মিস্টার টেন পারসেন্ট বলা হয় তা জেলাবাসীর অজানা নয়।”
