ঠাকুরগাঁওয়ে পেট্রোলের ‘সংকট’, বিপাকে বাইক চালক
ঠাকুরগাঁওয়ের ফিলিং স্টেশনগুলোতে পেট্রোলের ‘সংকট’ দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকরা; তবে ডিজেল ও অকটেনের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার ঠাকুরগাঁও শহরের মেসার্স সুরমা ফিলিং স্টেশন, এনামুল ফিলিং স্টেশন, রূপসী বাংলা অয়েল ব্যাংক, বাঁধন-কাঁকন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তেলের ডিপো থেকে সরবরাহ কম থাকায় এমন সংকট সৃষ্টি হয়েছে। তারা পেট্রোলের চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পাচ্ছেন।
তবে ‘সংকটের’ কথা অস্বীকার করে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পার্বতীপুর ডিপোর ব্যবস্থাপক এমরানুল হাসান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে দুই-একদিন তেল সরবরাহ সঠিকভাবে দেওয়া সম্ভব হয়নি। তাই বলে এটাকে সংকট বলা যায় না। বর্তমানে সঠিকভাবেই তেল সরবরাহ করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে কোনো ঘাটতি নেই।”
ঠাকুরগাঁও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান, জেলায় ফিলিং স্টেশনের সংখ্যা ৩৬টি। এরমধ্যে সদর উপজেলায় ২৪, বালিয়াডাঙ্গী উপজেলায় দুই, হরিপুর উপজেলায় দুই, রাণীশংকৈল উপজেলায় চার ও পীরগঞ্জ উপজেলায় চারটি ফিলিং স্টেশন রয়েছে।
এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঠাকুরগাঁও জেলায় দৈনিক পেট্রোল, অকটেন ও ডিজেলের চাহিদা রয়েছে প্রায় ৯০ হাজার লিটার। এরমধ্যে পেট্রোল ২৩ হাজার লিটার, অকটেন সাড়ে ১৬ হাজার লিটার ও ডিজেলের চাহিদা ৫০ হাজার লিটার। প্রতি লিটার পেট্রোল ৮৬ টাকা ৫০ পয়সা, অকটেন ৮৯ টাকা ৮৫ পয়সা ও ডিজেল ৮০ টাকা ৫০ পয়সায় বিক্রি করা হচ্ছে।
“বর্তমানে জেলায় প্রতিদিন ক্রেতাদের মাঝে পেট্রোল সরবরাহ করা হচ্ছে নয় হাজার লিটারের মতো। অর্থাৎ জেলায় প্রতিদিন অন্তত ১৪ হাজার লিটার পেট্রোল কম সরবরাহ করা হচ্ছে। আর অকটেন ও ডিজেলের সরবরাহ ঠিক রয়েছে।“
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকার মেসার্স সুরমা ফিলিং স্টেশনে শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পেট্রোল বিক্রি বন্ধ রয়েছে।
জানতে চাইলে মেসার্স সুরমা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত পরশু দিন পার্বতীপুর তেলের ডিপো থেকে সাড়ে চার হাজার লিটার পেট্রোল আনা হয়। এটি দুই দিনের মধ্যে শেষ হয়ে যায়। তাই আজকে পাম্পে পেট্রোল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ক্রেতাদের মাঝে অকটেন ও ডিজেল সরবরাহ করা হচ্ছে।
“পার্বতীপুরের তেল ডিপোতে যোগাযাগ করা হয় তেলের জন্য। কিন্তু তাদের ওখানেও তেল নেই। এখন ঈশ্বরদী থেকে নাকি পার্বতীপুরের ডিপোতে তেল আসতে পারে, তারা রোববার হাফ গাড়ি অর্থাৎ সাড়ে চার হাজার লিটার পেট্রোল দিতে চেয়েছে। পেট্রোল না আসা পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে”, যোগ করেন সুরমার ব্যবস্থাপক।
সুরমা ফিলিং স্টেশনে পেট্রোল কিনতে আসা মোটরসাইকেলে চালক আরিফুর জামান লিমন বলেন, “ফিলিং স্টেশনে পেট্রোল কিনতে আসলাম, কিন্তু এখানে পেট্রোল দেওয়া হচ্ছে না। তারা জানিয়েছেন, সংকট হওয়ার কারণে পেট্রোল দেওয়া বন্ধ। তাই বাধ্য হয়ে গাড়িতে ১০০ টাকার অকটেন কিনলাম।”
রূপসী বাংলা ওয়েল ব্যাংকের ব্যবস্থাপক শংকর আগরওয়াল বলেন, “আমাদের যতটুকু জ্বালানি তেলের প্রয়োজন, সেই অনুপাতে আমরা ডিপোগুলো থেকে তেল সরবরাহ পাচ্ছি না। পার্বতীপুরের তেলের ডিপো থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল নেওয়া হতো। কিন্তু সংকট হওয়ায় সেখানে এখন তেল সরবরাহ বন্ধ হয়েছে। তাই বর্তমানে সিরাজগঞ্জের বাগাবাড়ি ডিপো থেকে তেল নেওয়া হচ্ছে। কিন্তু সেখানেও পর্যাপ্ত পরিমাণ তেলের সরবরাহ নেই।“
১০ দিন ধরে এই সংকট চলছে জানিয়ে শংকর আগরওয়াল বলেন, “প্রত্যেক সপ্তাহে আমাদের স্টেশনে পেট্রোলের চাহিদা অন্তত ১৩ হাজার লিটারের মতো। অথচ এখন পেট্রোল ডিপোগুলো থেকে সাড়ে চার হাজারের লিটারের মতো দেওয়া হচ্ছে। তাই আমরা যতটুকু তেল পাচ্ছি, সেটা ক্রেতাদের মাঝে সরবরাহ করা হচ্ছে।”
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলায় জ্বালানি তেলের সংকট হয়েছে বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমেই বিষয়টি অবগত হলাম। তেলের সংকটের বিষয়টি খোঁজ নেওয়া হবে এবং অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে জ্বালানি তেলের সংকট তৈরি করে থাকে তাহলে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমেও ব্যবস্থা নেওয়া হবে।”
