২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খানজাহানের মাজারে তিন দিনের মেলা শুরু

বাগেরহাটে সাড়ে ৫০০ বছরের পুরানো ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজারের মেলা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 04:14 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের এ মাজারে প্রতি বছরের মতো চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে শুক্রবার এই মেলা শুরু হয়েছে; চলবে তিনদিন।

সকাল থেকেই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব ধর্মের হাজার হাজার ভক্ত-আশেকানরা হযরত খানজাহান (রহ.) মাজারে ভিড় করছেন। পূর্ণলাভের আশায় ভক্তরা প্রতিবছর এই দিনটির অপেক্ষায় থাকেন।

মেলায় সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

মাজারের প্রধান খাদেম শের আলী ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে মেলা বসে। সাড়ে ৫০০ বছর ধরে এই মেলা চলে আসছে। হযরত খানজাহান এই পরগণায় এসে অসংখ্য মসজিদ দীঘি খনন করেন।

“হযরত খানজাহানের এই মেলায় বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতি বছর মেলাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।”

মেলায় আসা ভক্তরা বলেন, প্রতিবছরই তারা এই মেলায় আসেন। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসে। এখানে এলে তাদের ভাল লাগে। এই মাজারে আসার জন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই।

মনোবাসনা লাভের আশায় অনেকে মানত করেন। খানজাহান মনোবাসনা পূর্ণ করে তাই তারা সেই মানত খানজাহানকে দিতে আসেন বলে জানান ভক্তরা।

মাজারে নিরাপত্তার দায়িত্বে থাকা সদর থানার এসআই বিশ্বজিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাজারে তিন দিনের মেলা শুরু হয়েছে। এই মেলায় দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। মেলাটি প্রতি বছর হয়ে আসছে। মেলাটি দক্ষিণ বাংলার নামকরা মেলা।

এই স্থানটিকে তীর্থস্থান বলে মনে করেন ভক্ত-আশেকানরা। মেলায় নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে। সবাই শান্তিপূর্ণ পরিবেশে মেলায় ঘোরাফেরা করছেন বলে জানান এই পুলিশ কর্মকতা।