সিরাজগঞ্জে যমুনায় ২ স্কুলছাত্র নিখোঁজ
সিরাজগঞ্জে যমুনায় গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তারা নিখোঁজ হয় বলে জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান।
নিখোঁজ শিক্ষার্থীরা হল সিরাজগঞ্জ শহরের গোসালা মহল্লার কালু সূত্রধরের ছেলে সকাল সূত্রধর ও একই মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে সঞ্জিত কর্মকার।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর বলেন, দুপুরের দিকে আট বন্ধু পুরাতন জেলখানা ঘাটের সামনে নৌকা নিয়ে মধ্যনদীতে গোসল করতে যায়। একপর্যায়ে চারজন স্রোতে ভেসে গেলে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে। কিন্তু সকাল ও সঞ্জিত নামে দুইজন এখনও নিখোঁজ রয়েছে।
তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং রাজশাহীতে ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান।
