২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামির সঙ্গে জন্মদিন উদযাপন, চকরিয়া থানার ওসি প্রত্যাহার

হত্যাচেষ্টা মামলার এক পলাতক আসামির সঙ্গে জন্মদিনের কেক কাটায় চকরিয়া থানার ওসি ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 04:34 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

বৃহস্পতিবার দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান।

হাসানুজ্জামান বলেন, গত ২ মার্চ চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি নিজ কার্যালয়ে কেক কেটে তার জন্মদিন উদযাপন করেন। এ সময় তার পাশে চররিয়া থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরহান মাহমুদ ওরফে রুবেলসহ অন্যান্যরা উপস্থিত ছিল। এ ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে পুলিশের নজরে আসে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় ওসি ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, ছাত্রলীগের আধিপত্য বিস্তারের জেরে ২০১৯ সালের ২৯ এপ্রিল রাতে অস্ত্রধারী একদল তরুণ চকরিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য তারেকুল ইসলামকে কুপিয়ে আহত এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় তারেকুলের ছোট ভাই তানজীমুল ইসলাম বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক আরহান মাহমুদ ওরফে রুবেলকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

কয়েক মাসআগে আদালতে ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।

এ বিষয়ে ওসমান গণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।