২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অনলাইনে চলবে পুলিশের পরোয়ানাভিত্তিক সব কাজ

ফরিদপুর পুলিশে অনলাইনে সফটওয়্যার ভিত্তিক পরোয়ানা নিবন্ধ কার্যক্রম শুরু করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 10:02 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

জেলার পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে বুধবার বিকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বলেন, দুই মাস বিভিন্ন সমীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে এই প্রকল্প চালু করা হচ্ছে। এখন থেকে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সফটওয়্যারের মাধ্যমে জেলার নয়টি থানায় পৌঁছে যাবে। পরোয়ানা আদালত থেকে জারি হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তাতে বিস্তারিত তথ্য থাকবে।

“পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হলে থানা থেকে আদালতসহ সংশ্লিষ্ট সব দপ্তরে স্বয়ংক্রিয়ভাবে তথ্য পৌঁছে যাবে। এছাড়া পরোয়ানাভুক্ত ব্যক্তির বিষয়ে আগাম তথ্যও এখানে থাকবে। ফলে সংশ্লিষ্ট সবাই খুব সহজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।”

কার্যক্রমটি সম্পূর্ণ চালু হলে পরোয়ানা বিষয়ক দাপ্তরিক কাজ কাগজ ছাড়াই চলবে বলে তিনি জানান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, মোহাম্মদ ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন।