ফরিদপুরে চুরির ৩৭ দিন পর ১৩ লাখ টাকা উদ্ধার
ফরিদপুরে সোনালী ব্যাংক থেকে এক গ্রাহকের চুরি হওয়া ২০ লাখ টাকার মধ্য ১৩ লাখ ৩৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
চুরির এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা জানিয়েছেন।
ফরিদপুর সদর উপজেলার বিলমামুদপুর এলাকার নূর মোহাম্মাদ ডাঙ্গী মহল্লার জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম (৪২) কোতোয়ালি থানায় গত মাসে এক মামলা অভিযোগ করেন, গত ৬ ফেব্রুয়ারি তিনি তার বাবার পেনশনের সঞ্চিত ২০ লাখ টাকা ফরিদপুর পোস্ট অফিস থেকে তুলে পাশের সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যান। তিনি ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে সোফার ওপর টাকার ব্যাগ রাখেন। সেখান থেকে সেই টাকার ব্যাগ খোয়া যায়।
এর পরদিন নজরুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা করেন।
পুলিশ কর্মকর্তা জামাল পাশা সাংবাদিকদের বলেন, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শামীম হাসান সংশ্লিষ্ট এলাকার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামিকে শনাক্ত করেন। গত ১৫ মার্চ ভোর ৫টার দিকে খুলনার হোগলাডাঙ্গা গ্রামের বাড়ি থেকে মো. ফারুক শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ফারুক খুলনার হরিণঘাটা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
তার দেওয়া তথ্যমতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা গ্রামের মোহাম্মদ আলী (৪৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা জামাল পাশা বলেন, ফারুকের কাছ থেকে তিন লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী তথ্যপ্রযুক্তির সহায়তায় একই দিন বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ এলাকার শ্বশুরবাড়ি থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচ লাখ টাকা।
“আর গ্রেপ্তারকৃত দুইজনের তথ্যের ভিত্তিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদসিরা এলাকায় অভিযান চালিয়ে তৃতীয় আসামির বাড়ি থেকে আরও পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।”
তবে তৃতীয় আসামি আগেই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা জামাল পাশা লিখিত বক্তব্যে আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করেছেন, তারা প্রায় ১৭ বছর ধরে এই পেশায় জড়িত। তারা ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় চুরি করে থাকেন।
“মূলত সরকারি পোস্ট অফিস, ব্যাংকে বয়স্ক লোকদের টার্গেট করে থাকেন তারা।”
তাদের বিরুদ্ধে একই ধরনের অপরাধে গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
