২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তিন দিনের ছুটিতে’ পাটুরিয়ায় যানজট

‘তিন দিনের ছুটিতে’ পদ্মার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানজট দেখা দিয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 04:31 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

ঘাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বুধবার বেলা আড়াইটার দিকে প্রায় তিন কিলোমিটার যানজট হয় বলে বিআইডব্লিউটিসির পাটুরিয়া  কার্যালয়ের ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় তিন দিন ছুটি পাচ্ছেন কর্মজীবীরা। তাই ঘাটমুখী মানুষের চাপ বাড়ছে। বিশেষ করে ছোট গাড়ির চাপ বেশি। পাটুরিয়া ঘাট ও সড়কে শ খানেক ছোট গাড়ি, শ খানেক বাস ও প্রায় আড়াই শ ট্রাক  রয়েছে।

“ঘাট এলাকায় যানজট বাড়ছে।”

জট এড়াতে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ১৭টি ফেরিতে গাড়ি পার করা হচ্ছে।

এছাড়া দৌলতদিয়া ঘাট এলাকায়ও যানজট রয়েছে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে ভারী যান পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহনের চাপ বেশি দেখা যাচ্ছে কয়েক দিন ধরে।