বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি সারা দেশে ছড়িয়ে দেয় চক্রটি
চাঁদপুর থেকে বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি উদ্ধার করেছে নৌ পুলিশ; এ সময় আটক করা হয়েছে দুজনকে।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাস ভর্তি এসব চিংড়ি জব্দ করা হয় বলে হরিণাঘাট নৌ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান।
আটকরা হলেন মাইক্রোবাসের চালক আবু সিদ্দিক (৩৬) ও তার সহকারী (হেলপার) রাজীব (৩৫)।
মিজানুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি থেকে ২৮টি ককশিট বোঝাই জেলি মিশ্রিত এক হাজার ৪৪ কেজি চিংড়ি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
“খুলনা, বাগেরহাট থেকে জেলি মিশ্রিত এসব চিংড়ি চাঁদপুরের হরিণাঘাট হয়ে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেয় কিছু অসাধু ব্যবসায়ী। এসব চিংড়ি খেলে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি থাকে।”
আটকদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালের ৫৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জেলি মিশ্রিত চিংড়ি ধরতে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইনচার্জ।
