২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ‘মাদক কারবারের’ বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে, যিনি মাদক কারবারের প্রতিবাদ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 12:25 AM

Updated : 28 Apr 2022, 11:52 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে তার উপর হামলা হয়।

নিহত শাহবাজ আলী (৫০) ওই এলাকার আব্দুল জাব্বার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁতারপুর আক্কাসের মোড়ে মোটরসাইকেল রেখে বসে ছিলেন শাহবাজ আলী। এ সময় তাঁতারপুর গ্রামের ৭/৮ জন মোটরসাইকেলে গিয়ে শাহবাজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়।

স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এলাকায় মাদক কারবারের প্রতিবাদ করে আসছিলেন শাহাবাজ আলী। ২০/২২ দিন আগে তাঁতারপুর গ্রামের এক মাদক ব্যবসায়ী ও তার ভাইকে মাদকসহ আটক করে র‌্যাব-পুলিশের যৌথ দল। এরপর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ওসি বলেন, সোমবার ওই মাদক ব্যবসায়ী আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় আসেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাজ নিজ গ্রামের মন্ডলপাড়া এলাকার আক্কাসের মোড়ে বসে গল্প করার সময় অতর্কিতভাবে পেছন দিক থেকে হামলা চালায় ৭/৮ জনের একটি দল। তারা শাহাবাজকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। এতে তার মৃত্যু হয়।

শলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সাহাবুর রহমান বলেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি ও শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের নির্দেশে তাঁতারপুর ও কারিগরপাড়া গ্রাম মাদকমুক্ত ঘোষণা করা হয়।

“এ কাজে আমাকে সব সময় সহযোগিতা দিয়ে এসেছেন শাহবাজ আলী। এতে এলাকার এক মাদক ব্যবসায়ী কামাল ও তার ভাই আমাদের উপর ক্ষুদ্ধ।”