হবিগঞ্জে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণহানি
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার দুপুরে হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের বহুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়াত আলী (৪০) হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই নাজমুল হাসান জানান, হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের বহুলা এলাকায় পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। আয়াত আলী ওই তারে জড়িয়ে মারা যান।
নাজমুল বলেন, এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ গিয়ে জনতাকে শান্ত করে। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
