২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় প্রকাশ্যে পৌর কর্মচারী খুন

পাবনায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুজানগর পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন; আহত হয়েছেন তার সহোদর ভাই।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 06:00 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

সোমবার দুপুরে সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন (৩২) সুজানগর পৌর এলাকার রাধানগর গ্রামের মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে; তিনি পৌরসভার টিকাদানকারী পদে কর্মরত ছিলেন।

আহত রজব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রজব আলী ও আল আমিনের সঙ্গে জমিজমা নিয়ে সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা ও তার ভাই পৌর যুবলীগের সম্পাদক জুয়েল রানার দীর্ঘদিনের বিরোধ ছিল। এর আগে তাদের মধ্যে মারামারির ঘটনায় মামলা হয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে আতাইকুলা থানার ওসি জালাল উদ্দিন বলেন, সোমবার দুপুরে পাবনা আদালতে ওই মামলার শুনানি শেষে বাড়ি ফিরছিলেন আল আমিন ও রজব।

“পথে সাদুল্ল্যাপুর স্কুলের সামনে একদল যুবক তাদের উপর অতর্কিত হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে আল আমিন ও রজবকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।”

ওসি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করান; সেখানে আল আমিন মারা যান। আশংকাজনক অবস্থায় রজব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে; এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশী অভিযান শুরু হয়েছে, বলেন ওসি।