২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ঘের মালিককে গলাকেটে হত্যা, ২ মজুর আটক

বাগেরহাটের চিতলমারীতে এক ঘের মালিককে গলাকেটে হত্যা করা হয়েছে; এ ঘটনায় জড়িতসন্দেহে দুই দিনমজুরকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 02:35 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের খিলিগাঁতি গ্রামে এই হত্যার ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেলের কর্মকর্তা পরিদর্শক এস এম আশরাফুল আলম ।

নিহত শৈলেন্দ্র নাথ মণ্ডল (৭০) উপজেলার সদর ইউনিয়নের খিলিগাঁতি গ্রামের মহেন্দ্র নাথ মণ্ডলের ছেলে।

আটকরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালী গ্রামের সুব্রত হালদার (২৭) ও একই গ্রামের অপূর্ব মণ্ডল (১৯)।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার শৈলেন্দ্র পাশের ফকিরহাট উপজেলার জনেরহাট থেকে ঘেরের কাজের জন্য দিনমজুর হিসেবে সুব্রত ও অপূর্বকে বাড়ি নিয়ে আসেন। শনিবার তিনি ঘের থেকে মাছ তুলে ফলতিতা বটতলা মাছের আড়তে বিক্রি করেন। এক টাকার মাছ বিক্রি করেন তিনি।

“রাতে ঘেরে বসে দুই দিনমজুর শৈলেন্দ্রর কাছে সেই টাকা চায়। কিন্তু শৈলেন্দ্র টাকা দিতে অস্বীকার করে। তখন শৈলেন্দ্রর গলাকেটে লাশ পাশে ধানক্ষেতে ফেলে দেওয়া হয়।”

পরিদর্শক আরও বলেন, পরে সুব্রত ও অপূর্ব টাকার জন্য শৈলেন্দ্রর বাড়ি যায়। বাড়িতে তার স্ত্রী একাই ঘরে ছিলেন। তারা গিয়ে শৈলেন্দ্রর স্ত্রীকে টাকা দিতে বলে। তখন শৈলেন্দ্রর স্ত্রী চিৎকার শুরু করলে দুজন পালিয়ে যায়।     

পরে ঘেরের পাশে গিয়ে শৈলেন্দ্রর লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। রোববার পুলিশের একাধিক দল দুজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পরিদর্শক।