২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে

রাজবাড়ী সদর উপজেলায় নিখোঁজ সাত বছরের এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 12:23 PM

Updated : 28 Apr 2022, 11:50 PM

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল অফিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রহমান জানান, রোববার সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের কামালদিয়া নুরের বড় পুকুর থেকে আবির নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

আবির (৭) ওই গ্রামের মো. সুজন মোল্লার ছেলে।

স্থানীয় রাসেল মণ্ডল বলেন, শনিবার বিকালে এলাকার শিশুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলা করছিল আবির। সন্ধ্যায় বাড়ি না ফেরায় শিশুটির বাবা-মাসহ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে পড়ে যেতে পারে সন্দেহ হলে সকালে স্থানীয় জেলেদের খবর দেওয়া হয়। তারা এসে পুকুরে জাল ফেললে ওই জালে আবিরের লাশ উঠে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রহমান বলেন, শনিবার রাত ১০টার দিকে খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু ডুবরি না থাকায় উদ্ধার কাজ না করেই ফিরে আসেন তারা। পরে ঢাকায় ফোন করে ডুবরি পাঠানোর জন্য খবর দেওয়ায হয়।পরে ডুবরি দল পৌঁছানোর আগেই স্থানীয় জেলেদের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।