২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বীকৃতি পাননি মুক্তিফৌজের নারীরা

মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের ৫ নম্বর সেক্টরের চেলা সাব-সেক্টরে একদল নারীর বীরত্বগাথা এখনও অনেকটা অজানাই রয়ে গেছে; স্বাধীনতার ৫০ বছর পরেও স্বীকৃতি মিলেনি বাংলাদেশ মহিলা মুক্তিফৌজ সংগ্রাম পরিষদ সদস্যদের।

মঞ্জুর আহমদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 09:49 AM

Updated : 25 Oct 2022, 10:18 AM

অস্ত্র হাতে যুদ্ধ না করলেও মুক্তিসেনাদের চিকিৎসা সেবা, মুক্তিযোদ্ধাদের জন্য খাবার তৈরি ও সরবরাহ, মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য তরুণদের উৎসাহিত করা, তাদের প্রশিক্ষণে পাঠানো, শরণার্থী নারী ও শিশুদের পাশে দাঁড়ানোর কাজ করেছেন এই নারীরা।

তাদের অধিকাংশই আজ বেঁচে নেই। সংগঠনের সম্পাদিকা নিবেদিতা দাশ, শক্তি দেবী কাঁকন, মঞ্জু রানী দেবী ও লক্ষ্মী রানী দেসহ কয়েকজন এখনও জীবিত আছেন। তাদের কাছেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শুনেছে যুদ্ধদিনের স্মৃতিমালা, তারা সরবরাহ করেছেন দুর্লভ চিঠিও ।  

নিবেদিতা দাশ বলেন, “যুদ্ধক্ষেত্রে ও প্রশিক্ষণকেন্দ্রে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে যথাসম্ভব তাদের অভাব-অভিযোগ দূর করা ও আহত মুক্তিযোদ্ধাদের সেবা করার লক্ষ্যে শরণার্থী শিবির থেকে শিক্ষিত মেয়েদের নিয়ে স্থানীয় ডাক্তারদের সহায়তায় সেবিকা দল গড়ে তোলার উদ্দেশ্যেই গঠন করা হয় এ সংগঠনটি।“

Image
বাংলাদেশ মহিলা মুক্তিফৌজ সংগ্রাম পরিষদের দুই সদস্য শক্তি দেবী কাঁকন (বায়ে) ও মঞ্জু রানী দেবী।

বাংলাদেশ মহিলা মুক্তিফৌজ সংগ্রাম পরিষদের দুই সদস্য শক্তি দেবী কাঁকন (বায়ে) ও মঞ্জু রানী দেবী।

তৎকালীন জাতীয় পরিষদ সদস্য আব্দুল হক, আওয়ামী লীগ নেতা হেমেন্দ্র দাশ পুরকায়স্থ, ধর্মগুরু প্রভাত চন্দ্র চক্রবর্তী, খাসিয়া নেতা ও চেলা মুক্তিফৌজ সমন্বয় কমিটির আহ্বায়ক দেবদাস রায়সহ কয়েকজনের সহায়তায় সিলেটের নারীদের নিয়ে এ মহিলা মুক্তিফৌজ গঠন করা হয়।

নিবেদিতা দাশ জানান, ১৯৭১ সালের ৫ জুলাই ৫ নম্বর সেক্টরের চেলা সাব-সেক্টর সদর দপ্তর মুক্তাঞ্চলের হক নগর (বাশঁতলা) এলাকায় বাংলাদেশ মহিলা মুক্তিফৌজ সংগ্রাম পরিষদ গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

প্রীতি রানী দাশ পুরকায়স্থকে সভানেত্রী, গীতা রানী নাথকে সহ-সভানেত্রী ও নিবেদিতা দাশকে সম্পাদিকা করে এই কমিটি গঠন করা হয়। সদস্য করা হয় সুধা রানী কর, প্রমীলা দাস, যুথিকা রানী রায়, শক্তি দেবী কাঁনন, মঞ্জু রানী দেবী, সুষমা দাস, সুনীতি দেবী, শেফালী দাস ও রমা রাণী দাসকে।

সংগঠনে অন্তত ২৫ জন নারী ছিলেন জানিয়ে নিবেদিকা দাস বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারতের সমাজসেবী অঞ্জলি লাহিড়ী মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কাজ করেন। তার পৈত্রিক ভিটে ছিল সিলেটে। মহিলা মুক্তিফৌজ সংগ্রাম পরিষদ তারও ব্যাপক সহযোগিতা পেয়েছে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী এবং প্রবাসী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান মহিলা মুক্তিফৌজের কার্যক্রম পরিদর্শন করেন। তারা অর্থ সহায়তাও করেন।

Image
বাংলাদেশ মহিলা মুক্তিফৌজ সংগ্রাম পরিষদের সম্পাদিক নিবেদিতা দাশ (বায়ে) ও লক্ষ্মী রানী দে।

বাংলাদেশ মহিলা মুক্তিফৌজ সংগ্রাম পরিষদের সম্পাদিক নিবেদিতা দাশ (বায়ে) ও লক্ষ্মী রানী দে।

অঞ্জলি লাহিড়ীও তার স্মৃতিকথায় মহিলা মুক্তিফৌজ সংগ্রাম পরিষদের কথা তুলে ধরেছেন। আইন ও সালিশ কেন্দ্র (আসক) তার সাক্ষাৎকারের ভিত্তিতে ‘স্মৃতি ও কথা ১৯৭১’ শিরোনামে একটি গ্রন্থ রচনা করে। বইটি ১৯৯৯ সালের ২৫ মার্চ প্রকাশিত হয়। সেখানে হেমেন্দ্র দাশ পুরকায়স্থ, তার স্ত্রী প্রীতি রানী দাশ পুরকায়স্থর কথা রয়েছে। তাদের আদি বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামে।

প্রীতি রানীর বরাতে এই বইয়ে বলা হয়েছে, চেলা ক্যাম্পে এই সংগঠনের ৩০ জন নারী ছিলেন যারা নার্সের প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধাদের ফার্স্ট এইড দিতেন। (পৃষ্টা-১২)      

ওরাল হিস্ট্রি প্রকল্পের আওতায় অঞ্জলি লাহিড়ীর সাক্ষাৎকার নিয়েছেন শাহীন আখতার। তিনি গ্রন্থের একটি অংশে লিখেছেন, “প্রীতি রানী দাশ পুরকায়স্থ,… ১৯৭১-এ সেলা সাব সেক্টরের মহিলা মুক্তিফৌজের সভানেত্রী ছিলেন, অঞ্জলি লাহিড়ীর লেখার তিন পাতাজুড়ে মুক্তিযোদ্ধাদের প্রতি একজন মাসিমার অপত্য স্নেহের কথা বিস্তারিতভাবে আছে, তিনিই সেই প্রীতি রানী দাশ পুরকায়স্থ, হেমেন্দ্র বাবুর স্ত্রী।” (পৃষ্টা-১১)

Image
প্রীতি রানী দাশ পুরকায়স্থকে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিঠি।

প্রীতি রানী দাশ পুরকায়স্থকে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিঠি।

“… অন্যদিকে মহিলা মুক্তিফৌজের সম্পাদিকা নিবেদিতা দাশের কাছে চেলার স্মৃতি বড় ভয়ের। বড্ড বেশি আতঙ্ক ধরে যায় সেদিনের কথা ভাবতে গেলে। একাত্তরে উনিশ-কুড়ি বছর বয়সী এক সন্তানের মা নিবেদিতার মনে হয়েছিল, যুদ্ধ তাদের ভিখারি বানিয়ে দিয়েছে।”(পৃষ্টা-১৩)

নিবেদিতা জানিয়েছিলেন, একাত্তরের যুদ্ধের মধ্যেই তার সন্তানের জন্ম হয়েছে। স্বামী ছিলেন প্রকৌশলী। এপ্রিলের দিকে তারা বাড়ি ছাড়েন। স্বামী-সন্তান নিয়ে সচ্চল পরিবার। এক বৃষ্টির দিনে তাদের বাড়ি ছেড়ে যেতে হয়। সঙ্গে শাশুড়ি ছিলেন। সুরমা নদী পেরিয়ে একটি স্কুলে গিয়ে রাত কাটান তারা। পরে তারা চলে যান ছাতকের একটি কারখানায়। সেখানে টানা ১৯ দিন ছিলেন। তারপর ছাতকে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালায়। তখন নিবেদিতার পরিবার ছন্দিপুর গ্রামে গিয়ে আশ্রয় নেয়। পরে সেখান থেকে কিছু মানুষের সহযোগিতায় অনেক কষ্টের পর চেলা ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন। (পৃষ্টা-১৩)  

Image
আওয়ামী লীগের নেতা হেমেন্দ্র দাশ পুরকায়স্থকে লেখা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর চিঠি।

আওয়ামী লীগের নেতা হেমেন্দ্র দাশ পুরকায়স্থকে লেখা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর চিঠি।

সংগঠনের সদস্য শক্তি দেবী কাঁকন এখন সিলেট নগরীর আখালিয়াঘাট এলাকায় বাস করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাদের সহায়তার জন্য আমরা কিছু নারী উদ্যোগ নেই। কিন্তু আমাদের এ কাজের কোনো স্বীকৃতি পাইনি। পরোক্ষভাবে আমরা যুদ্ধে অংশ নিয়েছি। আশা করি, সরকার আমাদের স্বীকৃতি দেবে।“

মহিলা মুক্তিফৌজের সদস্য মঞ্জু রানী দেবী বলেন, “মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছে নারী মুক্তিফৌজের এই সদস্যরা। আমরা আমাদের কাজের স্বীকৃতি চাই। মুক্তিফৌজের অনেক সদস্য মারা গেছেন। আমরা যেকজন বেঁচে আছি অন্তত সরকার যদি আমাদের কাজের স্বীকৃতিটা দিত, তাহলে তৃপ্তি নিয়ে মরতে পারতাম।“

একই আক্ষেপ লক্ষ্মী রানী দে’র কণ্ঠেও। তিনি বলেন, “অনেক মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে আসতেন। অনেকে শরীরে গুলি নিয়েও আসতেন। আমরা চিকিৎসকদের সঙ্গে সহায়তা করে তাদের সুস্থ করে তুলতাম।

Image
হেমেন্দ্র দাশ পুরকায়স্থ ও তার স্ত্রী প্রীতি রানী দাশ পুরকায়স্থকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডারের চিঠি।

হেমেন্দ্র দাশ পুরকায়স্থ ও তার স্ত্রী প্রীতি রানী দাশ পুরকায়স্থকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডারের চিঠি।

“কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমাদের খোঁজ নেয়নি কেউ। আমরা ন্যূনতম স্বীকৃতিটাও পাইনি।”

নিবেদিতা দাস বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমার কাজের দলিলপত্র রয়েছে। সেসব কাগজসহ আমি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করেছি৷ অথচ সরকারিভাবে স্বীকৃতি পাইনি।”

স্বীকৃতি না পেয়েই পরপারে চলে গেছেন হেমেন্দ্র দাশ পুরকায়স্থ ও প্রীতি রানী দাশ পুরকায়স্থ। এই দম্পতির সন্তান তাপস দাশ পুরকায়স্থ সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাবা-মা অন্যদের সঙ্গে নিয়ে চেলা সাব-সেক্টরে মুজিবনগর সরকারের অধীনে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) আব্দুল হকের নেতৃত্বে বাঁশতলায় মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের ট্রেনিং, আহত মুক্তিযুদ্ধের চিকিৎসা, শরণার্থীদের দেখভাল বিজয়ের পূর্ব পর্যন্ত করেছেন; যার দালিলিক প্রমাণ মুক্তিবাহিনীর প্রধানের ১৯৭১ সালের ১২ ডিসেম্বরে আমার বাবার কাছে লেখা চিঠিটি।

“আমার বাবা-মায়ের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির জন্য আমি বার বার সরকারের কাছে আবেদন-নিবেদন করে ব্যর্থ হয়েছি। সান্ত্বনা এইটুকু যে, আমার বাবা-মা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি। বাবা-মা এখন প্রয়াত; তারা স্বাধীন দেশে ঘুমিয়ে আছেন। কোনো আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য তো তারা মুক্তিযুদ্ধে যাননি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তারা যুদ্ধে গিয়েছিলেন।

Image
সিলেটের বাঁশতলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ।  

সিলেটের বাঁশতলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ।  

“বঙ্গবন্ধু আমার মাকে নিজ হাতে লিখা চিঠিতে ‘শ্রদ্ধেয়া প্রীতি রানী দাশ’ বলে সম্বোধন করেছেন। এটাই আমাদের পরম পাওয়া। মুক্তিবাহিনী প্রধান জেনারেল ওসমানী আমার বাবাকে ‘শ্রদ্ধেয় হেম বাবু’ বলে চিঠিতে যে সম্মান দিয়েছেন এটাই আমাদের পরম সান্ত্বনা।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধদিনের এসব নারীদের ভূমিকা ও বীরত্বগাথা কোনো অংশে কম ছিল না। তারা জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের সেবা করে গেছেন। তাদের স্বীকৃতি অবশ্যই দেওয়া উচিত।”

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধে সিলেটের নারীদের অনন্য ভূমিকা ছিল। অনেক নারী মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় প্রতিষ্ঠিত হাসপাতালে নার্সের দায়িত্ব পালন করেছেন। তাদের সর্ম্পকে নতুন প্রজন্মকে জানাতে হবে।”